ফটিকছড়িতে লেকে ডুবে দুইজনের মৃত্যু, শিশুকে উদ্ধারে নেমে প্রাণ গেল ব্যবসায়ীর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে লেকের পানিতে ডুবে যাওয়া বন্ধুর সন্তানদের উদ্ধার করতে গিয়ে মফিজ (৪০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় মুনতাহা (৪) নামে এক শিশুও প্রাণ হারিয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম হাবিলদার বাড়ির আবুল কাশেমের ছেলে। অপরদিকে নিহত শিশু মুনতাহা ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নঈম উদ্দিন আজাদের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বন্ধু মফিজের ফার্মে বেড়াতে এসেছিলেন নঈম উদ্দিন আজাদ। বিকেলে তার তিন সন্তান মৎস্য প্রকল্পের লেকে রাখা প্লাস্টিকের তৈরি একটি ছোট নৌকায় চড়ে ঘুরছিল। একপর্যায়ে নৌকাটি লেকের মাঝখানে পৌঁছালে ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং তিন শিশু পানিতে ডুবে যেতে থাকে।
শিশুদের ডুবতে দেখে ফার্মের মালিক মফিজ তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মুনতাহা নিখোঁজ হয়ে যায়। পরে তাকে খুঁজতে পুনরায় গভীর পানিতে ডুব দেন মফিজ। দীর্ঘক্ষণ অনুসন্ধানের একপর্যায়ে শ্বাসরোধ হয়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়রা লেক থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন