মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সম্ভাব্য কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন জলখদর খাল পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে পরিদর্শনে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সিকদার।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহের সক্ষমতা, পলি জমে নাব্যতা হ্রাস, বিভিন্ন স্থানে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা এবং বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতার কারণগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও তাঁদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও খাল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যথাযথ খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে জলখদর খালের অনেক অংশে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এ পরিস্থিতি থেকে স্থায়ী সমাধানের লক্ষ্যে খালটির দ্রুত সংস্কার, প্রয়োজনীয় খনন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে জলখদর খালের পানি প্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
এলাকাবাসীর বিশ্বাস, প্রশাসনের এই পরিদর্শনের মাধ্যমে খাল সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথ সুগম হবে। পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্য করুন