ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত
মো. সেলিম উদ্দিন খাঁন
চার দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়ায় রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট এই জলাবদ্ধতায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
এদিকে- টানা ভারী বর্ষণে উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সোমবার পুরোদিন উপজেলাটি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল আজ মঙ্গলবার একই অবস্থা।লাগাতার
বৃষ্টিতে খাল-বিল, ছড়া ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও কৃষিজমি তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার আধুনগর, চুনতি, বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান, চরম্বা ও আমিরাবাদসহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে দেখা গেছে। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ডলু নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে বড়ুয়া পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া হাতিয়ার খাল ভেঙে সিকদার পাড়া প্লাবিত হওয়ার পাশাপাশি উত্তর হরিণা ওয়া পাড়ায় একটি মাটির ঘর ধসে পড়েছে। আমিরাবাদ নতুন বাজার এলাকা ও পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রামও বর্তমানে পানির নিচে।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বায়েজীদ-
বিন-আব্দুল জানান, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসন থেকে জরুরি সহায়তার জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে- উপজেলা প্রশাসন: ০১৮৭১০৯৯৬২৩, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: ০১৭৫৫৯৬৬৩৪৪, তহশিল টেকনিশিয়ান (আরিফ): ০১৮১২-৭৬৩০৮৩।
মন্তব্য করুন