ত্যাগীদের মূল্যায়নে তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে: এরশাদ হোসেন
চট্টগ্রাম প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আনন্দ মিছিলটি নগরীর আমিন জুট মিলস পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে আতুরার ডিপু, সঙ্গীতা মোড়, হামজারবাগসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিবিরহাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ হোসেন বলেন, জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার আলো সৃষ্টি করেছে। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ফলে সংগঠনের কর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তৃণমূল পর্যায়ে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে। দল ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তরুণদের সংগঠিত করার পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নেও নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে এরশাদ হোসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত দুই বছর ধরে চট্টগ্রাম মহানগর যুবদলের কোনো কমিটি নেই। তিনি অনতিবিলম্বে চট্টগ্রাম মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী, হামলা-মামলার শিকার হয়েও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান তিনি।
আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক বাবুল, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত রিয়াদ, মিল্লাত হোসেন, হুমায়ুন আহমেদ, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মাসুদ খান, ইমন, যুবদল নেতা জামাই মাসুদ, আক্তার হোসেন, আকবর হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাসেল, সোলাইমান শুভ, ইউনিট যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর বাদশা, লিটন, সিদ্দিক, দুলাল, বশর, শরিফ, সাদ্দাম হোসেন, উজ্জ্বল, মাইনুলসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন