শিপন মিয়া
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জনস্বাস্থ্যের হুমকি ও পশু সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মে) সকালে উপজেলার সাফদারপুর বাজারে পরিচালিত এক বিশেষ অভিযানে এই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সাফদারপুর বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা। এ সময় দেখা যায়, মো. ফজলুর রহমান নামে এক মাংস ব্যবসায়ী বাছুরসহ একটি গাভী জবাই করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি জব্দকৃত মাংসের মানেও গুরুতর অসংগতি পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জব্দকৃত প্রায় ২৫ কেজি অস্বাস্থ্যকর ও অবৈধ মাংস জননিরাপত্তার স্বার্থে জনসম্মুখে গর্ত করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এতে বাজারের অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন,
“জনস্বাস্থ্য রক্ষা এবং পশুর সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন আপসহীন। বাছুরসহ পশু জবাই করা শুধু আইনত অপরাধ নয়, এটি চরম অমানবিকতাও। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে অসুস্থ পশু জবাই করে আসছিল বলে অভিযোগ রয়েছে। আজকের অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন সাধারণ ক্রেতারা।
উল্লেখ্য, এই আইনের অধীনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড অথবা ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
মন্তব্য করুন