শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, রাঙ্গাবালীতে উত্তেজনা
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি হাফিজিয়া মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি গত ২৮ এপ্রিল মাদ্রাসাটিতে শিক্ষক হিসেবে যোগ দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোমবার (৫ মে) গভীর রাতে উপজেলার বাহেরচর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসান (২০) শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরদিন সকালে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদ্রাসার সামনে মানববন্ধন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুর চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
শিশুটির মা বলেন, নিরাপদ ভেবে সন্তানকে মাদ্রাসায় পাঠালেও সেখানে এমন ঘটনা ঘটেছে—এর সুষ্ঠু বিচার চাই। শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার পর তার সন্তানকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং বিষয়টি গোপন রাখতে হুমকি দেওয়া হয়েছে।
রাঙ্গাবালী থানার কর্মকর্তা ইলিয়াছ হোসেন মুন্সি জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন