নিজস্ব প্রতিবেদক:
বাংলা, বিহার ও উড়িষ্যার দেশপ্রেমী নবাব, “বঙ্গবীর” আলিবর্দী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম ও শাসন দক্ষতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা, যিনি সাপ্তাহিক পলাশীর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি তার বক্তব্যে বলেন, আলিবর্দী খান ছিলেন বাংলার ইতিহাসে এক সাহসী ও দূরদর্শী শাসক, যার দেশপ্রেম বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফারহানা নীলা (সারা বাংলা.নেট) এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ইকবাল হোসাইন ভূঁইয়া। বক্তারা আলিবর্দী খানের শাসনামলের সাফল্য, ন্যায়পরায়ণতা এবং বাংলার প্রতি তার অগাধ ভালোবাসার কথা তুলে ধরেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এন.এস.এস.পি)-এর সম্মিলিত দেশপ্রেমী টিম। অনুষ্ঠানটি সফল করতে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করেন ক্লিন্টন হাওলাদার পাভেল (প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম, যুক্তরাষ্ট্র) এবং ফারুক চৌধুরী (চেয়ারম্যান, কাবা ফাউন্ডেশন, যুক্তরাজ্য)।
অনুষ্ঠানের প্রধান মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক পলাশী, যার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম শিল্পপতি, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ ফজলুল হক।
অনুষ্ঠানের শেষে আলিবর্দী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মন্তব্য করুন